নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হারুন অর রশিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত শুক্রবার সকালে বাঙ্গড্ডা ইউনিয়নের রুপাবেরি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের দুই ভাই আবদুর রহিম ও আবদুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে আবদুল মজিদের ছেলেরা বাড়ির পাশের জমির আইল ও মাটি কেটে আমন ধানের চারা রোপণ করেন। এ সময় আবদুর রহিমের জমিতে আগাছা পড়লে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের অনুসারীরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আবদুল মজিদের ছেলে হারুন অর রশিদকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন রাত ১১টায় তিনি মারা যান।সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল মজিদ অভিযোগ করে বলেন, ‘আবদুর রহিম পরিকল্পিতভাবে আমার ছেলেকে জখম করে হত্যা করেছেন।’ ঘটনার পর পলাতক থাকায় আবদুর রহিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গতকাল শনিবার দুপুরে নাঙ্গলকোট থানার ওসি স্বপন কুমার নাথ বলেন, পুকুরপাড়ের লাগোয়া জমির মাটি কাটার ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।