নাঙ্গলকোটে দুই মাসে ৬৮টি মুরগির খামার বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই মাসে ৬৮টি পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। ব্রয়লার মুরগির খাবার, বাচ্চা এবং টিকা, ভিটামিন, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়ামসহ অন্যান্য ওষুধের দাম ক্রমাগত বাড়ায় ওই শিল্প হুমকির মুখে পড়েছে। ব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ঋণ এবং মুরগির খাবারের ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় কয়েকজন খামারি পালিয়ে বেড়াচ্ছেন।এদিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, অতীতে নিবন্ধন ও নবায়ন ফি ছাড়া খামারিরা ব্যবসা করতেন। গত আগস্টে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে খামার নিবন্ধন ও নবায়নের ফি ধার্য করায় খামারিদের কাছে নিবন্ধন ও নবায়ন ফি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। পাঁচ বছরের জন্য লেয়ার মুরগির খামারের নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা এবং নবায়ন ফি তিন হাজার ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ব্রয়লার মুরগির খামারের নিবন্ধন ফি দুই হাজার ৫০০ টাকা এবং নবায়ন ফি দুই হাজার টাকা ধরা হয়েছে।খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রয়লার মুরগির খাবারের ৫০ কেজি ওজনের প্রতিটি বস্তা আগে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হতো। তা বেড়ে বর্তমানে দুই হাজার ৩৩০ টাকা হয়েছে। ব্রয়লার মুরগির প্রতিটি বাচ্চা ২৫ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা হয়েছে। রানীক্ষেত রোগের টিকা দুই মাসের ব্যবধানে ২৫০ থেকে বেড়ে ৫০০ৈ টাকা হয়েছে। গামব্রো রোগের টিকা ৬০০ থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে। এ ছাড়া অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, ভিটামিন ‘সি’সহ বিভিন্ন ওষুধের দাম ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।নাঙ্গলকোট প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, অব্যাহত লোকসানের মুখে গত জুলাই ও আগস্ট মাসে উপজেলার ৬৮টি খামার বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে নাঙ্গলকোট পৌর এলাকার মডার্ন পোলট্রি, ফার্মমান্দ্রার খোদেজা পোলট্রি ফার্ম, অনিক পোলট্রি ফার্ম, অশ্বদিয়ার তাসফিয়া পোলট্রি ফার্ম, হরিপুরের এ বি পোলট্রি ফার্ম, মক্রবপুরের মনির পোলট্রি ফার্ম। বন্ধ হওয়া একটি খামারের মালিক মানরা গ্রামের আবুল হাসান বলেন, ‘লোকসান হওয়ায় খামারে মুরগি ওঠানো বন্ধ রেখেছি।’এলাকাবাসী জানান, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার আবদুল হাকিম তিন বছর ধরে মৌকরা ইউনিয়নের আলিয়ারা গ্রামে ভাড়াভিত্তিক মুরগির খামার পরিচালনা করছিলেন। এই খামারে আট হাজার মুরগি ওঠানো হয়েছিল। লোকসানের কারণে এক মাস আগে আবদুল হাকিম খামার বন্ধ করে চলে যান। কিন্তু শেডের মালিক, বিভিন্ন ব্যবসায়ীদের খাদ্য ও কীটনাশকের মূল্য বাবদ তিনি বকেয়া রেখে গেছেন প্রায় ১৭ লাখ টাকা।সার্বিক বিষয়ে নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর কবির বলেন, ‘নাঙ্গলকোটে জুলাই ও আগস্ট মাসে ৬৮টি খামার বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। মুরগির খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।’