কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট মডেল মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় হামলা ও ভাঙচুর করেছে কিছু পরীক্ষার্থী। এ ঘটনায় শিক্ষকসহ দুজন আহত হয়েছেন। এদিকে একই কারণে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজে এক শিক্ষককে আওয়ামী লীগের এক নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরেক শিক্ষক গালিগালাজ ও হুমকির ভয়ে ওই কেন্দ্রের হল সুপারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে ২১৫ জন পরীক্ষার্থী সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষায় অংশ নেয়। সোয়া ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপসচিব নূর মোহাম্মদ ওই কেন্দ্র পরিদর্শনে যান। তাঁরা সেখানে দুপুর একটা পর্যন্ত অবস্থান করেন। বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতির কারণে কোনো পরীক্ষার্থী নকলের সুযোগ পায়নি। পরীক্ষা শেষ হওয়ার পরপরই উত্তেজিত একদল পরীক্ষার্থী শিক্ষকদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে কলেজের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় আবদুল গফুর ভূঁইয়া কলেজের শিক্ষক শ্রীবাসচন্দ্র দাস আহত হন। পরে পরীক্ষার্থীরা সেখানে বিক্ষোভ মিছিল করে। ঘটনার সত্যতা স্বীকার করে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ জানান, নকলের সুযোগ না দেওয়ায় এবং বোর্ডের কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্রে অবস্থান করায় উত্তেজিত পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কলেজে হামলা চালায়। বিজন কুমার চক্রবর্তী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিদর্শন সেরে ফিরে আসার পর ঘটনাটি তিনি শুনেছেন।এদিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ কেন্দ্রে নকলে বাধা দেওয়ায় এক শিক্ষককে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল্লাহ হিল বাকিসহ স্থানীয় কয়েক ব্যক্তি লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই নেতার হুমকির কারণে ওই কেন্দ্রের হল সুপার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনকাপৈত নূর মিয়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শহীদুল্লাহ মজুমদার একটি কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর বাকী চৌধুরীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই কেন্দ্রে প্রবেশ করে ওই কক্ষে নকল সরবরাহ করছিলেন বলে অভিযোগ। এতে বাধা দিলে তাঁরা ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের ভেতরে থাকা ওই শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুর করেন। এদিকে গত ১০ এপ্রিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় একইভাবে ওই নেতা নকল সরবরাহ করতে গেলে কেন্দ্রের হল সুপার নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মুনাব্বর হোসেন বাধা দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে হুমকি দিতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল তিনি কেন্দ্রের হল সুপারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। চেওড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবীর হোসেন বলেন, ‘হল সুপার আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ আবদুল্লাহ হিল বাকী গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি পরীক্ষাকেন্দ্রের ভেতরে একজন শিক্ষকের সঙ্গে দেখা করতে ঢুকেছিলাম। তখন শহীদুল্লাহ মজুমদার আমাকে বাধা দিলে উচ্চবাচ্য হয়।’ পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা হিসেবে পুলিশ আমাকে ঢুকতে বাধা দেয়নি, তাই ঢুকেছিলাম। আমি কোনো শিক্ষককে গালিগালাজ ও হুমকি দিইনি। এলাকার লোকজন উত্তেজিত হয়ে হয়তো কিছু বলেছে।’ জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি। সেখানে আমাদের বোর্ডের পরিদর্শক দল গিয়েছিল।’