নাঙ্গলকোটে পল্লি চিকিৎসক অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুঘরিয়া থেকে উত্তম কুমার চক্রবর্তী (৪০) নামের এক পল্লি চিকিৎসককে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ অভিযোগ করা হয়েছে। গত রোববার রাতে তিনি অপহূত হন।পল্লী চিকিৎসকের ছোট ভাই গৌতম চক্রবর্তী জানান, তাঁর ভাই উত্তম কুমার গত রোববার পারিবারিক কাজে টুঘরিয়ায় যান। পরে রাতেও না ফেরায় পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজখবর নেওয়া হয়। শেষ পর্যন্ত গতকাল সকালে তাঁর (গৌতম) মুঠোফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানায়, টুঘরিয়া থেকে লদুয়া নিজ গ্রামে ফেরার পথে রোববার রাত ১০টার দিকে তাঁর ভাইকে অপহরণ করা হয়। ওই ব্যক্তি পরিবারটির কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোনের লাইন কেটে দেয়। কিন্তু কোথায়, কীভাবে এ টাকা দেওয়া হবে, তার কিছুই জানানো হয়নি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, উত্তমের ছোট ভাই গৌতম গতকাল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি অপহরণ মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।