নাঙ্গলকোটে বিএনপির কয়েকজন নেতার সভাপতির পক্ষ ত্যাগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর পক্ষ ত্যাগ করে একই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে যোগ দিয়েছেন। গতকাল শনিবার বিকেল চারটায় নাঙ্গলকোট পশ্চিম বাজার এলাকায় এক অনুষ্ঠানে তাঁরা গফুরের পক্ষে যোগ দেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নিঃশর্ত মুক্তির দাবিতে ওই অনুষ্ঠান হয়। তবে অনুষ্ঠান বানচাল করার জন্য উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া উপজেলা প্রশাসনকে চিঠি দেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন নাঙ্গলকোটের পাঁচটি এলাকায় ১৪৪ ধারা জারি করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তা বলবৎ ছিল। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নাঙ্গলকোট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোবাশ্বের আলম ভূঁইয়া সভাপতি হন। মোবাশ্বের সভাপতি হলেও গত চার বছর নাঙ্গলকোটে বিএনপির মাঠ ধরে রাখেন সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়া। মোবাশ্বেরকে এলাকায় দেখা যায়নি। এ অবস্থায় এ অংশের নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লা মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গফুর ভূঁইয়ার সঙ্গে যোগ দেন। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লা মজুমদার বলেন, ‘দল ও এলাকার স্বার্থে গফুর ভূঁইয়ার সঙ্গে চলে এসেছি। বিগত চার-পাঁচ বছরে মোবাশ্বেরের সঙ্গে কোথাও গিয়ে সভা করতে পারিনি। দল চালাতে পারেন না বলে আমরা তাঁর সঙ্গ ত্যাগ করেছি।’জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘রাজনীতি হলো ছাড়ার, যোগদানের খেলা। ব্যক্তিস্বার্থ হাসিল না হওয়ায় ওরা তাঁর সঙ্গে চলে গেছে।’ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘১৪৪ ধারা জারি করেও বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যায়নি। সব আন্দোলন-সংগ্রামে মাঠে থাকায় নেতা-কর্মীরা আমার সঙ্গে চলে এসেছেন।’