নাঙ্গলকোটে ভুয়া নিবন্ধন সনদে শিক্ষক নিয়োগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী উচ্চবিদ্যালয়ে ভুয়া নিবন্ধন সনদে একজনকে শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্ত ওই শিক্ষকের বাড়ি উপজেলার দাউদপুর গ্রামে। শাকতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল কাইয়ুম প্রথম আলোকে জানান, গত ২৭ জুন সামাজিক বিজ্ঞানের শূন্যপদে একজন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এতে চারজন অংশ নেন। এর মধ্যে কুলসুম আক্তারকে গত ১০ জুলাই নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার সময় তিনি কিছু সাময়িক সনদ জমা দেন। ওই সময়ে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ আসে, কুলসুমের নিবন্ধন সনদ ভুয়া। পরবর্তী সময়ে মূল সনদ দেওয়ার জন্য তাঁকে বলা হয়েছে। মূল সনদ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, সহকারী শিক্ষকের নিবন্ধন সনদ নিয়ে এলাকায় কথা উঠেছে। সেটি ভুয়া এবং অবৈধ হলে তাঁর নিয়োগ বাতিল করা হবে।কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাঁর নিয়োগ বাতিল হবে। একই সঙ্গে এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কুলসুম আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।