নাঙ্গলকোটে মুয়াজ্জিন খুন গ্রেপ্তার ১
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জের ধরে মসজিদের মুয়াজ্জিন আবদুর রহিম মজুমদারকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গলখোঁড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী হত্যাকারী সন্দেহে সাইফুল ইসলাম ওরফে মানিক নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মানিক পুলিশের কাছে আবদুর রহিমকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, নাঙ্গলকোট উপজেলার আঙ্গলখোঁড় গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুর রহিম স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হিসেবে তিন বছর ধরে কাজ করে আসছিলেন। তিনি মসজিদের পাশে একটি কক্ষে থাকতেন। গতকাল সোমবার ভোরে তাঁকে মসজিদে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মসজিদের পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পরনে কোনো কাপড়চোপড় ছিল না। তাঁর মাথার পেছনে জখমের একাধিক চিহ্ন রয়েছে। এলাকাবাসী হত্যাকারী সন্দেহে একই গ্রামের আবদুল ওহাবের ছেলে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামকে (২৫) আটক করেন। জানা যায়, ১৫ দিন আগে মানিক গভীর রাতে আবদুর রহিমকে হত্যার উদ্দেশ্যে মসজিদে গিয়ে হামলা করে। এ ছাড়া, ৯-১০ দিন আগে আবদুর রহিমের বাবা আবদুল মালেক এবং বড় ভাই আবদুর রশিদকে স্থানীয় বাঙ্গড্ডা বাজারে মারধর করেন মানিক। এলাকাবাসী জানান, আবদুর রহিমের বাবা আবদুল মালেক গ্রাম্য সর্দার হিসেবে আঙ্গলখোঁড় গ্রামের কাঠমিস্ত্রি আবদুল মান্নান এবং মানিকের চাচা আবদুল বারেকের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিস বৈঠক করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ অসন্তুষ্ট ছিল। তা ছাড়া, মসজিদের ইমাম নিয়েও এলাকায় দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে এলাকার যুবক শ্রেণীর একটি পক্ষ আবদুর রহিমের বাবা আবদুল মালেককে সর্দার হিসেবেও মেনে নিতে পারছে না।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান জানান, মানিক মুয়াজ্জিম আবদুর রহিমকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে আবদুল মালেক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেছেন।