নাঙ্গলকোটের নিম্নাঞ্চল প্লাবিত, একজনের মৃত্যু
ছয় দিনের বৃষ্টিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিম্নাঞ্চলের অন্তত আটটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার অধিবাসী পানিবন্দী হয়ে পড়েছেন। গত সোমবার পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ডাকাতিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে পানি ঢুকে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি। এ কারণে পানিবন্দী লোকজন মানবেতর জীবনযাপন করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাতবাড়িয়া ইউনিয়ন অপেক্ষাকৃত নিচু এলাকা। গত শুক্রবার থেকে গতকাল বুধবার পর্যন্ত অবিরাম বর্ষণে ওই ইউনিয়নের সাতবাড়িয়া, অষ্টগ্রাম, আলিয়ারা, তপোবন, সাধনপুর, খাড়েরা, পাইয়ারা গ্রাম ও টাইগার সেতু এলাকা প্লাবিত হয়। এতে অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন, সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠেছে। গত সোমবার পানিতে ডুবে সাতবাড়িয়া গ্রামের আলম মিয়ার মেয়ে স্থানীয় কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমারা আক্তার (৬) মারা গেছে।
বৃষ্টির পানিতে উপজেলার বক্সগঞ্জ, সাতবাড়িয়া ও চৌদ্দগ্রামের গুণবতী সড়কের বিভিন্ন অংশ ডুবে গেছে। একই সঙ্গে ডাকাতিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালও পানি বেড়েছে। ডাকাতিয়া নদীর তীরবর্তী বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা, রায়কোট ও বাঙ্গড্ডা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ গ্রামের বহু ঘরবাড়িতে পানি উঠছে। তলিয়ে গেছে হাজার একর ধানি জমি ও শাকসবজির খেত, পাকা ও কাঁচা সড়ক। ভেসে গেছে বহু পুকুর ও মাছের প্রকল্প। ভেঙে গেছে গ্রামীণ সড়ক।
সাতবাড়িয়া ইউনিয়েনর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘এই ইউনিয়নের প্রায় সব কটি গ্রামই পানিতে নিমজ্জিত। কোনো ত্রাণসামগ্রী পাওয়া যায়নি।’ ইউএনও মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, মৃত স্কুলছাত্রীর পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া পানিবন্দী লোকজনকে খাদ্যসামগ্রী ও চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।
বৃষ্টিতে জলাবদ্ধতা: আমাদের কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, কসবা পৌর শহরের পানিনিষ্কাশনের পরিকল্পিত নর্দমা (ড্রেনেজ) ব্যবস্থা না থাকায় উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও শীতলপাড়া গ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।