নাচ, গান, কবিতা নাটকে সালমা সোবহানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারের কাজ শুধু বেতন-ভাতা দিয়ে হয় না। মানবাধিকার কাজের কোনো সময়ও নেই। এটি সার্বক্ষণিক। প্রতিটি মানুষের ভেতরে একজন মানবাধিকারকর্মী থাকে। সেই কর্মীকে সঠিক সময়ে সঠিক জায়গায় জাগিয়ে তোলা দরকার।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যারিস্টার সালমা সোবহানের ৭৭তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ কথা বলেন। গতকাল রোববার বিকেলে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আসক এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, ‘সালমা আপা মনে করতেন, সংবেদনশীল মন হচ্ছে তা, যা চোখের সামনে অন্যায়-অনাচার দেখলে শুধু বিচলিতই হয় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করে।’
‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দুই ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন করে আসকের শিশু ইউনিটের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে স্মৃতিচারণামূলক বক্তৃতায় আসকের সাবেক সাধারণ সম্পাদক জেড আই খান পান্না বলেন, সালমা সোবহান ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক। লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী।
অনুষ্ঠানে সালমা সোবহানের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।