
গেল পৌষের মধ্যভাগে ঢাকা থেকে গাড়িতে যাচ্ছি বাগেরহাটের গ্রামের বাড়িতে। শরীয়তপুর এলাকা অতিক্রম করার সময় ডান পাশের মাঠের ভেতরের আকাশে শূন্যে নৃত্যরত পাখিটিকে দেখে ড্রাইভারকে বললাম গাড়ি থামাতে। এ রকম নান্দনিক আকাশনৃত্য বারবার দেখলেও তা পুরোনো হয় না কখনো।
গাড়ি থেকে নামতেই রাস্তার দুপাশজোড়া হলুদ সরষে ফুলের মিষ্টি-ঝাঁজালো গন্ধে প্রাণ জুড়িয়ে গেল। দাঁড়িয়ে দেখতে থাকি শূন্যে পাখিটির নৃত্যসৌন্দর্য। জমিন থেকে অনুমান সাত ফুট উচ্চতায় লেজ-পাখা মেলে ও লম্বা পা দুখানা ঝুলিয়ে দিয়ে নিবিষ্ট চিত্তে তাকিয়ে আছে মাটির দিকে, পাখা ঝাপটাচ্ছে দ্রুততালে—হোভারিং করতে করতেই কিছুটা সামনে এগোচ্ছে, ডানে-বাঁয়ে সরছে, ঘুরছে, তবু টার্গেট শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাচ্ছে না।
দু-তিন মিনিট বাদেই পাখিটা পুরো পাখা মেলে দিয়ে প্যারাট্রুপারদের মতো খাড়া নেমে পড়ল মাটির দিকে। ঝুলন্ত দুপায়ের একটিতে আঁকশির মতো শিকার গেঁথে উড়াল দিয়ে বসল গিয়ে ওপাশের তালচারাটির পাতার ওপরে। বাইনোকুলারে দেখলাম । ওটা মেঠো ইঁদুরের মাঝবয়সী আনাড়ি বাচ্চা, প্রচণ্ড শীতে গর্ত থেকে বেরিয়ে হয়তো রোদ পোহাচ্ছিল।
পাখিটির নাম নাচুনে বাজ। পানচিল নামেও পরিচিত। ইংরেজি নাম Eurasian Marsh Harrier, বৈজ্ঞানিক নাম circus aeruginosus. মাপ ৪৮-৫৮ সেন্টিমিটার। শীতে এরা আমাদের দেশে আসে। খোলা মাঠ-ফসলের খেত, চরভূমি ও ঘাসবনের মাথায় উড়ে-ঘুরে এরা ইঁদুর-ব্যাঙ-গিরগিটি-ঘাসফড়িং-ছোট সাপ-গুইসাপের বাচ্চাসহ সুযোগ পেলে খোলা জায়গা বা মাঠে চরতে আসা হাঁস-মুরগির পিচ্চি ছানাদের তুলে নিয়ে খায়। খাবার তালিকায় ছোট পাখি ধানটুনি-পানটুনি-টুনটুনি-ভরত-পিপিট-মুনিয়া-ফুটফুটিসহ ঘুঘুর বাসার ডিম-ছানাও আছে।
এক নজরে পুরুষ পাখির রং ঘোলাটে-বাদামি, পিঠ ঘন-বাদামি। মাথা হালকা বাফ্ রঙা। ডানার নিচের দিক ছাই রং। লেজের প্রান্তের উপরিভাগটা ছাই-বাদামি রঙে চিত্রিত। ঠোঁট-পা হলুদ। মেয়ে পাখির রং এক নজরে চকলেট-বাদামি। মাথার তালু ও গলা চকচকে বাফ্ রঙা। মেয়েটির চোখে যেন কাজল লেপটানো থাকে।
এরা বাসা করে ইউরোপ মহাদেশসহ অন্যান্য অঞ্চলে। ঘাসবনের ভেতরের মাটিতে বাসা, ডিম চার-পাঁচটি, মেয়েটি একাই তা দেয় ডিমে, পুরুষটি এ সময়ে খাবার এনে বউকে খাওয়ায়। ডিম ফোটে ২৮-৩৫ দিনে। ছানাদের রং হয় তুলোট-সাদা।