নাচে গানে অটিস্টিকদের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৬ মার্চ ছিল শুক্রবার। ১৯২৪ সাল বা ১৮৪০ খ্রিষ্টাব্দের যেকোনো তারিখে কী বার ছিল, তাও বলে দিতে পারে শিহাব শাহরিয়ার। আরেকজন শিশু মুখে মুখে বিরাট বিরাট সংখ্যার অঙ্ক কষতে লাগল। ছোট ফুটফুটে নদী, অতশী নেচে আনন্দ দিল সবাইকে।গতকাল শুক্রবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে অটিজম-বিষয়ক ছাত্র সংগঠন হ্যান্স আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা এভাবেই একের পর এক চমক দেখায়। শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার আগে অনুষ্ঠানের আলোচনা পর্বে সুরকার ও কণ্ঠশিল্পী নকীব খান বললেন, এই শিশুদের মধ্যেই হয়তো কোনো আইনস্টাইন বা অন্য কোনো ব্যক্তিত্ব লুকিয়ে আছে। শুধু এদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে।অনুষ্ঠানে আগত মা ও অভিভাবকদের একদণ্ড ফুরসত ছিল না। ১৬ বা ১৭ বছর বয়সী একজন হঠাৎ করেই ভোঁ দৌড় দিল। তাকে ধরতে বাবাকেও দৌড়াতে হলো পুরো মিলনায়তন। একজনকে মঞ্চ থেকে কিছুতেই নামানো যাচ্ছে না। ফলে মাকেও তার পিছু পিছু একবার মঞ্চে, আরেকবার চেয়ারে বসতে হচ্ছিল। শিশু অনন্ত ভাঙা ভাঙা উচ্চারণে গাইল, ‘মা গো, ভাবনা কেন...’ গানটি। মাকে ভাবতে মানা করলেও অটিস্টিক শিশুদের মা বা অভিভাবকদের কিন্তু ভাবনার শেষ নেই।অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অটিস্টিক সন্তানের মা নাছিমা বেগম বলেন, ‘শারীরিক, দৃষ্টি বা অন্য প্রতিবন্ধীরা নিজের অধিকারের কথা বলতে পারে। অটিস্টিক শিশু বা ব্যক্তিরা তাও পারে না। এদের ভাবনা অভিভাবকদেরই ভাবতে হয়। তাই অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে একটি সমিতি গড়ে তুলতে হবে। সরকার বা সমাজে সেই সমিতিকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে।’নাছিমা বেগম বলেন, ‘মা হিসেবে জানি অটিস্টিক শিশুরা সমাজে এখনো কতটা অবহেলার পাত্র। তাই আমি মারা যাওয়ার আগেই আমার সন্তান একটি নিরাপদ স্থানে আছে তা দেখে যেতে চাই।’সার্ফ এক্সেলের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্সের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন। অনুষ্ঠানের অতিথিরা হ্যান্সের ‘শেয়ার উইথ ইননোসেন্স ফাইভ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।আলোচনায় জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিসুর রহমান বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত আদিল হক এবং তৌসিফ ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ গানটি গাইল। একসময় মনে হলো, তারা আর গানের মধ্যে নেই, অন্য কোনো এক জায়গায় হারিয়ে গেছে। তাহা মো. শাহীন ‘আজ আমাদের ছুটি’ কবিতাটি আবৃত্তি করছিল। হঠাৎ কী মনে হলো, কবিতা শেষ হওয়ার আগেই ছুটে পালাল।অনুষ্ঠানে সোয়াক, সুইড বাংলাদেশ, কেয়ারিং গ্লোরি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কল্যাণী, স্কুল ফর গিফটেড চিলড্রেনের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।