নাচে-গানে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহ শহরের বৈশাখী মঞ্চে সকালবেলা রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। বিপুলসংখ্যক দর্শনার্থী গতকাল অনুষ্ঠানটি উপভোগ করে l প্রথম আলো
প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহ শহরের বৈশাখী মঞ্চে সকালবেলা রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। বিপুলসংখ্যক দর্শনার্থী গতকাল অনুষ্ঠানটি উপভোগ করে l প্রথম আলো

নাচে-গানে, সভায়-শোভাযাত্রায় গতকাল সোমবার বিভিন্ন স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর, নকলা, টাঙ্গাইলের সখীপুর ও জামালপুরের সরিষাবাড়ীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুরের নকলায় আলোচনা সভায় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন বাঙালির কবি, মানুষের কবি। বাঙালির কবি হয়েও তিনি হয়েছিলেন বিশ্বকবি। তিনি বিশ্ব মানুষের কথা বলতেন বলেই তাঁকে বলা হয় বিশ্বকবি।’
বিকেলে নকলা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নকলা পাইলট মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কার পাওয়া লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় অধ্যাপক যতীন সরকার বলেন, রবীন্দ্রনাথ নিজে মানুষের কবি ছিলেন, এটা যেমন সত্য ঠিক তেমনি সেই মানুষের কবি হিসেবে তিনি বাঙালিকে মানুষ হতে বলেছিলেন। এ জন্য তিনি লিখেছিলেন ‘সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করোনি।’
পরে নকলা উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার শেরপুর শাখার উদ্যোগে জেলা শহরের গৃদানারায়ণপুর এলাকায় আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল দে। পরে সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সখীপুর বাঙলা সংসদ–এর আয়োজন করে। বাঙলা সংসদের সভাপতি শাকিল আনোয়ার সভায় সভাপতিত্ব করেন। আলোচনার ফাঁকে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পীরা।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুপুরে সরিষাবাড়ী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিদ্যালয়টির উদ্যোগে অনুষ্ঠান হয়। এতে কলেজটির অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ সভাপতিত্ব করেন।