নাচে-গানে জমজমাট হাতেখড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢং ঢং করে বাজল স্কুলের ঘণ্টা। উপস্থিত শিশুরা একটু নড়েচড়ে আবার চুপচাপ হয়ে বসল। অনেকের মুখ রীতিমতো গম্ভীর। হবে না, তারা হাতেখড়ি নিতে এসেছে যে!একপর্যায়ে একটি শিশুকে কোলে তুলে নিলেন শিক্ষাগুরু। আরেকজন আগে থেকেই গুরুর কোলে চড়ে প্রস্তুত হয়ে আছে বিদ্যা অর্জনের সূদূর পথে যাত্রা শুরু করতে। এভাবেই শুরু হলো হাতেখড়ি—খড়ি দিয়ে লিখে শিশুর বিদ্যারম্ভ করার ঐতিহ্যবাহী বাঙালি অনুষ্ঠান।গতকাল শুক্রবার এ হাতেখড়ি উৎসবের আয়োজন হয়েছিল সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। তিন থেকে ছয় বছর বয়সী ৫০ জনের মতো শিশুর বিদ্যাশিক্ষার সূচনা করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও শিশুদের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। হাতেখড়ির পর শিশুদের নাচগানে মুখর হয়ে ওঠে জাদুঘর প্রাঙ্গণ।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের সর্বত্র, পাড়া-মহল্লায় এ উৎসব উদ্যাপন করা উচিত। এ উৎসব শিশুদের চেতনাকে শাণিত করবে।মুস্তাফা মনোয়ার তাঁর ছেলেবেলায় হাতেখড়ি দেওয়ার স্মৃতিচারণা করে বলেন, শিশুদের অভিভাবকদের এ ধরনের উৎসবে সম্পৃক্ত করতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন হাতেখড়ি পর্ষদের চেয়ারম্যান কামাল লোহানী। তিনি বলেন, বাঙালির হাজারো উৎসবের একটি হাতেখড়ি। উৎসবে আয়োজক সংগঠনের কো-চেয়ারম্যান মাহফুজা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।