নাচে-গানে পিঠা উৎসব
পৌষের সকাল। কুয়াশার চাদর সরিয়ে কেবল আলো ছড়াতে শুরু করেছে। সেই আলোতে জ্বলজ্বল করছে ঘাসের ওপর শিশিরবিন্দু। এমনই পরিবেশে গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর চত্বরে হয়ে গেল ‘পিঠা উৎসব’।সকাল আটটায় হাজির হতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এরপর সমবেত কণ্ঠে গাওয়া ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ দলীয় সংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়।লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর চত্বরের রবীন্দ্র মুক্তমঞ্চে অলংকৃত মঞ্চের সামনে নকিস কাঁথা বিছিয়ে শ্রোতাদের বসার ব্যবস্থা করা হয়। উৎসবের অতিথিদের পরিদর্শনের জন্য সাজানো হয় বিভিন্ন পিঠার সমন্বয়ে স্টল। ভাপা, চিতই, তেলের পিঠা, দুধপুলি, পাটিসাপটা, সেমাই পিঠা, ফুলঝুরি, নুনিয়া পিঠা, পাকান পিঠা ইত্যাদি পিঠার পাশাপাশি ছিল খই-মুড়কি, খেজুর রসের পায়েস ও চিড়া-মুড়ির মোয়া। লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান, কবি আসাদ চৌধুরী, পুলিশ সুপার মো. শাহ আলম, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক। শেষে সমবেত কণ্ঠে ‘আবার জমবে মেলা’ গানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।