নাচে গানে বর্ষ বিদায়

‘আজ সবার রঙে রং মিশাতে হবে, ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়’ কিংবা ‘প্রেমের জোয়ারে ভাসাব দোহারে’ অভ্যুদয় সংগীত অঙ্গনের এই সমবেত সংগীত বিদায়ী বাংলা বর্ষের বিরহকে ছাপিয়ে সবার মনে যেন ছড়িয়ে দিয়েছে নববর্ষের রং। এ রকম রংবেরঙের নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানমালা।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে নগরের প্রধান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ডিসি হিলের মুক্তমঞ্চে। প্রথম দিনে বিভিন্ন সংগঠনের সমবেত পরিবেশনার পাশাপাশি ছিল একক আবৃত্তি ও সংগীতানুষ্ঠানও। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রামের তিন ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে পরিষদ।
সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা হলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন ও আলোকসজ্জাশিল্পী তপন ভট্টাচার্য। গতকাল সন্ধ্যায় তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন।
এর আগে বিকেলে ডিসি হিলের মুক্তমঞ্চে অভ্যুদয়ের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এরপর একে একে মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাগেশ্রী, কৃষ্ণচূড়া স্কুল, রক্তকরবী কুসুম ললিতকলা একাডেমির শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন।
বৃন্দ নৃত্য দিয়ে মুগ্ধ করেছেন ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা।