নাচে-গানে মহিলা পরিষদের বর্ষবরণ
সেগুনবাগিচায় কবি সুফিয়া কামাল ভবনে বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার ভিড় জমেছিল পরিষদের সদস্যদের। তবে কোনো দাবি আদায় কিংবা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য নয়, তাঁরা এসেছিলেন বাংলা নববর্ষ ১৪১৭ বরণের আনন্দে মাতোয়ারা হতে।বিকেলে পরিষদের ঢাকা মহানগর শাখা আয়োজন করেছিল এই বর্ষবরণ উৎসব। শুরুতে বৈশাখ এবং বাঙালির অস্তিত্ব ও ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাখী দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সারাবান তহুরা ও সম্পাদক মঞ্জু ধর। আলোচনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভানেত্রী সৈয়দা শামছে আরা হোসেন। এরপর ছিল ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ নামের গীতি-আলেখ্য। শুরুতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হে ভৈরব, হে রুদ্র বৈশাখ’ কবিতাপাঠ। এরপর সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান। এরপর ছিল ‘ও আমার দেশের মাটি’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘ভুলবো না, ভুলবো না’, ‘আজি বাংলাদেশের হূদয় হতে কখন আপনি’সহ কয়েকটি গান। এ ছাড়া ছিল ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য। পুরো অনুষ্ঠানেই ছিল বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ভাবধারা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মহিলা পরিষদের সংগ্রামী ভাবধারার বহিঃপ্রকাশ। গানে, নাচে আর কবিতায় পরিষদের সদস্যরা নতুন বছরকে আনন্দের মধ্য দিয়ে বরণ করে নেন। পরিষদের মহানগর কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।লোকনাট্য উৎসবে দর্শকের ভিড়শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের সামনে গতকাল দ্বিতীয় সন্ধ্যায় লোকনাট্য উৎসবে ছিল বেশ ভিড়।গ্রামীণ জনজীবন এবং ঐতিহ্যবাহী নানা লোককাহিনিকে নাগরিক দর্শকদের কাছে তুলে ধরতেই সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন।সন্ধ্যায় মঞ্চস্থ হয় মানিকগঞ্জের বহুরূপী দলের পরিবেশনায় লাঠি খেলা, জাদু খেলা ও বুড়াবুড়ির সঙ পালা। এই দলের নেতৃত্ব দিচ্ছেন চাঁন মিয়া। শুরুতে বর্ণাঢ্য পোশাক পরে যখন লাঠিয়াল দল তালে তালে লাঠির খেলা শুরু করে, দর্শকেরাও হাততালি দিয়ে আনন্দে মেতে ওঠেন। এরপর বুড়াবুড়ির বেশে সঙ সেজে মঞ্চে যখন কুশলীদের আগমন ঘটে, শিশুদের উচ্ছ্বাস আর বড়দের হাসি বুঝিয়ে দেয় আয়োজনটি কতটা উপভোগের হয়ে উঠেছে। সপ্তাহব্যাপী এ উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।আন্তবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব শুরুঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উৎসবের উদ্বোধন করেন।আয়োজকেরা জানান, উৎসবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ভারত, বসনিয়া, স্লোভাকিয়া, ওমানসহ বেশ কিছু দেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ টিএসসি অডিটরিয়ামে এবং ২৬, ২৭, ২৮ এপ্রিল ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে উৎসবটি চলবে।শিল্পকলায় সংগীত ও নৃত্যপ্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগ আয়োজন করেছে দুই দিনের সংগীত ও নৃত্যানুষ্ঠানের। আজ সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে।