নাচের তালে দেশের গান
শীতের সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উপস্থিত দর্শকেরা যখন জবুথবু হয়ে বসে আছে নৃত্য উপভোগের অপেক্ষায়, তখন হঠাত্ করে সরে গেল সামনের পর্দা। বেজে উঠল গান—‘সবুজ ঐ পাহাড়তলে আমাদের দিন কাটে আজ, আমাদের মুক্তি পাগল দিন।’ গানের তালে নাচে শিল্পীরা। যাদের পোশাক-পরিচ্ছদ উপস্থিত দর্শকদের নিয়ে যায় একাত্তরে। মুক্তিযোদ্ধারা অস্ত্র আর মলিনবেশে বাংলা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শিকল পরা বাংলাকে মুক্ত করেন। নৃত্যশিল্পী সংগঠন নটরাজের নৃত্যশিল্পীরা লায়লা হাসানের পরিচালনায় নাচে নাচে ফুটিয়ে তোলে একাত্তরের কথা। গতকাল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করে তাদের ত্রৈমাসিক নৃত্যানুষ্ঠান স্বপ্নযাত্রা। বিষয় ছিল—দেশাত্মবোধক গানের ওপর নৃত্য পরিবেশনা। এরপর ঘাসফুল নৃত্য সংগঠনের শিল্পীরা সেলিনা হকের পরিচালনায় ‘এই মাটির বুকে ঘুমিয়ে আছে’, দিব্য সাংস্কৃতিক সংগঠন দীপা খন্দকারের পরিচালনায় পরিবেশন করে ‘কোন পুরাতন প্রাণের টানে’, সুকণ্য নৃত্যাঙ্গন সুলতানা হায়দারের পরিচালনায় ‘আমাদের দেশ স্বাধীন হয়েছে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। প্রতিটি গানেই ছিল দেশ, মাটি আর মানুষের কথা। নাচের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তোলে ভাষা, মক্তিযুদ্ধ আর সে সময়ের ত্যাগ। গতকাল নৃত্যশিল্পী সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন অংশ নেয়। এদের মধ্যে ছিল স্পন্দন, কথক সম্প্রদায়, নান্দনিক, নৃত্যলোক, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, জাগো আর্টস সেন্টার ও ঝংকার। দর্শকেরা উপভোগ করে নৃত্যশিল্পীদের নাচের তালে তালে দেশের প্রতি তাদের ভালোবাসার অভিব্যক্তি। শাহাবুদ্দিনের চিত্র প্রদর্শনীর সময় বাড়লশিল্পী শাহাবুদ্দিনের শিল্পকর্মে ভিন্নতা আছে। তাঁর ছবিতে গতি লক্ষণীয়। মানুষের দুঃখ-বেদনার কাব্য তিনি ফুটিয়ে তোলেন ক্যানভাসে। তাঁর ছবিতে মুক্তিযুদ্ধ যেমন এসেছে, তেমনি ফিরে ফিরে এসেছে মানুষের কথা। শিল্পীর এরকম কিছু গতিময় ছবি নিয়ে গুলশানের সাজু আর্ট গ্যালারিতে চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল গত সোমবার। সাজু আর্ট গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক রমিজ আহমদ চৌধুরী জানান, দর্শকের আগ্রহের কারণে শাহাবুদ্দিনের একক প্রদর্শনী ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উত্সর্গ করে আয়োজিত এ প্রদর্শনীতে শিল্পী ব্রাশ ইংক, ড্রইং, লিথোগ্রাফি, সেরিওগ্রাফি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন শিল্পী। ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখতে পারবে দর্শক। নড়াইলে জমে উঠেছে সুলতান মেলাশৈত্যপ্রবাহে বিপর্যস্ত নড়াইলের জনজীবন। বিকেল গড়াতেই শুরু হয় হাঁড়কাঁপানো শীত। পরিবেশের এই প্রতিকূলতা উপেক্ষা করে জমে উঠেছে সুলতান মেলা। নড়াইল প্রতিনিধি জানান, তীব্র শীত উপেক্ষা করে শিশু-কিশোর থেকে বিভিন্ন বয়সের মানুষ আসছে মেলায়। মেলায় প্রতিদিনের চিত্র প্রদর্শনীতে এবং স্টলে স্টলে ছিল ক্রেতাদের ভিড়। এ ছাড়া প্রতি রাতে স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সুলতান মেলার চতুর্থ দিনে ছিল কাবাডি প্রতিযোগিতা, ষাঁড়ের লড়াই, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘গ্রামবাংলার নব্য লৌকিক ও বাস্তববাদী দার্শনিক-শিল্পী এস এম সুলতান’ শীর্ষক প্রবন্ধকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজন কুমার সাহা। অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. কামরুল ইসলাম। প্রতিবছরের মতো এবারও চিত্রকর্মের ওপর একজন গুণী শিল্পীকে সুলতান পদক দেওয়া হবে। সুলতান মেলা উদ্যাপন পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, এ বছর পদক পাচ্ছেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী। আগামী শুক্রবার মেলার সমাপনী দিনে দেড় ভরি ওজনের সুলতান স্বর্ণপদক দেওয়া হবে।