নাচোলে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন
সচ্ছল পরিবারের মেয়ে ও বধূ হয়েও ইলা মিত্র নাচোলের গহিন গ্রামে এসে কৃষকদের সংগঠিত করেছেন। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছিলেন। ঐতিহাসিক তেভাগার সেই লড়াই করতে গিয়ে তিনি পাকিস্তান পুলিশের নজিরবিহীন নির্যাতনের শিকার হয়েও শ্রমজীবী মানুষের পক্ষের আদর্শ ত্যাগ করেননি। তিনি মানুষকে ভালোবাসার নজির স্থাপন করেছে। তাই মানুষ আজও তাঁকে ভোলেনি।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা কৃষক আন্দোলনের কিংবদন্তির বিপ্লবী নেত্রী কমরেড ইলা মিত্রের ১৩তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
তেভাগা আন্দোলনের ঘাঁটি নাচোলের কেন্দুয়ায় ইলা মিত্র স্মৃতিসৌধ মঞ্চে রানিমা ইলা মিত্র সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, গবেষণা ও উন্নয়ন কালেক্টিভ-এর সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সরকার বক্তব্য দেন।