নাচোলে কমেছে বোরোর আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের নাচোলে গতবারের চেয়ে এবার কমেছে বোরো ধানের আবাদ। এ অবস্থা পুশিয়ে নিতে বাড়ানো হয়েছে রবিশস্যের আবাদ। আমন মৌসুমে ধানের দাম কম পাওয়া, ধান উৎপাদনে বেশি খরচ ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ-সংকটে কৃষকেরা বোরোর আবাদ কমিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
নাচোলের লক্ষ্মীপুরের কৃষক আবদুর রাজ্জাক বলেন, তিনি গত বছর নয় বিঘা জমিতে বোরোর আবাদ করেছিলেন। কিন্তু এবার করবেন পাঁচ বিঘা। তিনি বলেন, ‘প্রতিবছর আমন ধান বিক্রি করে বোরোর আবাদ করি। ধারদেনা করে আবাদ করতে হয়। কিন্তু ধানের দাম পাওয়া য়ায় না।’
নাচোলের উপসহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এবার এলাকার বরেন্দ্র-৪ ও সল্লা বটতলীর গভীর নলকূপের আওতায় বোরোর আবাদ হয়নি। এর বদলে গম, সরিষা ও আলুর আবাদ করা হয়েছে। এ ছাড়া নাচোলের বিভিন্ন এলাকাতেও গভীর নলকূপ ব্যবহার করে বোরোর আবাদ কমিয়ে আনা হয়েছে।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার প্রথম আলোকে বলেন, এখানে পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাচ্ছে। এ জন্য দুই বছর ধরে এলাকার কৃষকদের বোরোর আবাদ না করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।