নাচোলে সংঘর্ষে এক ব্যক্তি নিহত, আহত তাঁর দুই ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তোজাম্মেল হক (৫২) নামের আহত এক ব্যক্তি গতকাল শুক্রবার মারা গেছেন। সংঘর্ষে আহত হয়েছেন তাঁর দুই ছেলে বাসির (২৭) ও নাসির (২৫)। তোজাম্মেল হক নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের সরলা গ্রামের বাসিন্দা ছিলেন।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সরলা গ্রামের দুলাল আলীর ছেলে ফারুক আলীর ছাগল তোজাম্মেলের জমির ধান খায়। এ সময় তোজাম্মেল ও তাঁর দুই ছেলে বাসির ও নাসির ছাগল ধরে খোঁয়াড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ফারুক উত্তেজিত হয়ে লোকজন নিয়ে তোজাম্মেল ও তাঁর ছেলেদের ওপর হামলা চালান। গুরুতর আহত বাবা ও ছেলেদের প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে গতকাল তোজাম্মেল মারা যান।
তোজাম্মেলের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুকের স্ত্রী মানুয়ারা বেগম ও তাঁর প্রতিবেশী সমীরের স্ত্রী হাজেরা বেগমকে আটক করা হয়েছে। ফারুক পলাতক।