নাচোলের ছয় গ্রামে বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমিন কমিন গ্রামের এই শিশুরা বিদ্যালয়ে যায় না।ছবি l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমিন কমিন গ্রামের এই শিশুরা বিদ্যালয়ে যায় না।ছবি l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জমিন কমিন, কার্তিকপুর, বাসুগ্রাম, ধরইল শ্যামপুর, দিঘিপাড়া ও লইলাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর
প্রায় তিন হাজার মানুষের বসবাস। কিন্তু এসব গ্রামের শিশুদের জন্য নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কারণে এসব এলাকার অনেক শিশু শিক্ষাসুবিধা থেকে বঞ্চিত।
জমিন কমিন গ্রামের স্বপন রাইছত্রী প্রথম আলোকে বলেন, এ গ্রামে মুন্ডা, রাইছত্রী ও কৈবর্ত মিলিয়ে ৪৮ পরিবারের বাস। অথচ এ গ্রামে এসএসসি পাস কোনো লোক নেই। এখান থেকে পাঁচ-সাত কিলোমিটার দূরে বিদ্যালয়। অনেক শিশু এত দূরে পড়তে যেতে চায় না। ইদানীং কিছু রাস্তা পাকা হলেও এখনো দুই-তিন কিলোমিটার রাস্তা কাঁচা। কাদাপানিতে ভরা এ রাস্তা পার হয়ে হেঁটে শিশুরা স্কুলে যেতে চায় না।
স্বপন রাইছত্রী আরও বলেন, ১৯৯২ সালে মাটির দেয়ালের ওপর টিনের ছাউনি দিয়ে জমিন কমিন গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তিনি ছিলেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আশপাশের শিক্ষিত কয়েকজন যুবক শিক্ষক হিসেবে কাজ করেন দুই বছর। কিন্তু নিবন্ধন না হওয়ায় অর্থের অভাবে বিদ্যালয়টি আর চালু রাখা সম্ভব হয়নি। জমিন কমিনসহ আশপাশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ-ছয়টি গ্রামের সবাই হতদরিদ্র। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদ্যালয়টি চালু থাকত।

১৯৯২ সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
১৯৯২ সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কার্তিকপুর গ্রামের সনাতন মুরমু বলেন, বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত দুই-একটি উপানুষ্ঠানিক বিদ্যালয় থাকলেও সেখানে সব শিশুর লেখাপড়ার সুযোগ নেই। মানসম্পন্ন লেখাপড়াও হয় না বিদ্যালয়গুলোতে। জমিন কমিন গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় হলে আশপাশের গ্রামগুলোর শিশুরা সহজে লেখাপড়া করতে পারত।
লইলাপাড়ার আমিন মুরমু, দিঘিপাড়ার গুপিন টুডু, শ্যামপুরের বাজিব মাহাতো ও বাসুগ্রামের মুক্তার রাইছত্রীও একই রকম কথা বলেন। তাঁরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য জমিন কমিন গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
নাচোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাডেমির সভাপতি যতিন হেমব্রম বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বলেই ওই পাঁচ-ছয়টি গ্রামের মানুষের প্রতি এত অবহেলা করা হয়েছে বলে আমরা মনে করি। ওদের জন্য সরকারি উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা না হলে ওরা পিছিয়ে থাকবে। কোনো জনগোষ্ঠীর মানুষকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যাচ্ছে বলা যায় না।’
গতকাল সোমবার মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘সারা দেশে প্রাথমিক বিদ্যালয় নেই এমন ১ হাজার ৫০০ গ্রামে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। নাচোলের ওই গ্রামগুলোতে খোঁজ নিয়ে এ বিষয়ে জানানোর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলব। পরে প্রয়োজনে সেখানে সরকারি প্রকল্পের আওতায় বিদ্যালয় স্থাপন করা হবে। তবে কোনো গ্রামে বিদ্যালয় স্থাপন করতে হলে অন্তত ১৫ শতক জমি দান করতে হবে।’