নাচোল-রাজশাহী লংমার্চ শুরু

সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে লংমার্চ শুরু হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ গতকাল রোববার নাচোল উপজেলার বাসস্ট্যান্ড মোড় থেকে লংমার্চ শুরু করে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়মুখী দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা তারাপদ মুন্ডা। লংমার্চে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন উপজেলার দূর-দূরান্তের গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
দুপুরে লংমার্চ শুরুর আগে বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, কেন্দ্রীয় নেতা অনিল মারান্ডি, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা এন্ড্রু সোলোমার প্রমুখ।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, সমতলে ও পাহাড়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভালো নেই। ক্রমাগত ভূমি হারাতে হারাতে তারা আজ নিঃস্ব হওয়ার পর্যায়ে। যে অল্প জমি তাদের হাতে আছে, সেটুকুও কেড়ে নেওয়ার জন্য ভূমিদস্যুরা নানা তৎপরতা চালাচ্ছে। ভূমি নিয়েই আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন চলছে। অথচ ভূমি কমিশন এখনো কার্যকর হয়নি।
বেলা একটার দিকে জাতীয় পতাকা ও লাল পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ক্ষুদ্র জাতিসত্তার শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ লংমার্চ শুরু করে। লংমার্চে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হৃদয় পাহানের হাত ধরে হাঁটতে দেখা যায় ৭৫ বছর বয়সী নাচোলের গণেষপুরের বারকু বারোয়ারকে। শিশুসন্তান কোলে নিয়ে হাঁটতে দেখা যায় সদর উপজেলার টংপাড়ার কল্পনা রাজোয়ারসহ আরও কয়েকজন নারীকে।
লংমার্চের সামনে বিরতিহীন ঢোল-মাদল বাজাতে বাজাতে হাঁটছিলেন নাচোলের গৌরী সল্লা গ্রামের বাজন হাসদা, যোসেফ মুরমু ও চুরকা টুডু। এ সময় চুরকা টুডু বলেন, ‘সরকার যুদি হামারঘে ল্যাগি একটু মাথা ঘামায় তবে কষ্টটা কামে লাগবে।’ লংমার্চ থামিয়ে নাচোলের নেজামপুর মোড় এবং আমনূরা বাসস্ট্যান্ডে পথসভা করা হয়। এরপর লংমার্চ রাজশাহীর গোদাগাড়ীর উদ্দেশে রওনা দেয়।