নাচোলে বাল্যবিবাহ বিরোধী কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, নাটক, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডী উচ্চবিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী নানা কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘সামাজিক সচেতনতাই কেবল বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ওয়াশিফ প্রমুখ।
এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন মিয়ার রচনা ও নির্দেশনায় বাল্যবিবাহবিরোধী পরিণতি নামের নাটকে অভিনয় করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। সেই সঙ্গে বাল্যবিবাহবিরোধী ‘গম্ভীরা’ পরিবেশন করে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা দল।
এসেডো আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন মিয়া প্রমুখ।