নাচোলে মন্দির ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া এলাকায় শতবর্ষী একটি মন্দির ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ভাঙচুরের সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবদুল বারেকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, দেওপাড়া এলাকার নুরুল ইসলাম নামে এক ব্যক্তি মন্দিরের জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে মন্দির কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে। গতকাল সকালে নুরুল ইসলাম ছাত্রলীগ নেতা আবদুল বারেকসহ দলবল নিয়ে মন্দিরটি ভাঙতে যান। তাঁরা মন্দিরের ভিত্তি আংশিক ধ্বংস করেন। ওই সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল বারেকসহ নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন শাহজাহান আলী, মোমিন আলী, ওয়াজেদ আলী, শহর আলী, সাবের উদ্দীন, সুইট ও ফারুক হোসেন। এই ব্যাপারে মন্দির কমিটির সদস্য গোপাল চন্দ্র কর্মকার বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন।