নাচোলে মস্তকবিহীন লাশটি জেএমবির নেতা তালহার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খলসি গ্রাম থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কথিত সামরিক শাখার সদস্য রুহুল আমীন ওরফে সালমান ওরফে তালহার। গতকাল রোববার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর তীরে পুঁতে রাখা বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরেই তালহাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অপর দুজনকে।আরিফুল হক জানান, গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় খুন হন রুহুল আমীন। খলসি গ্রামের একটি আমবাগানে মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। আরিফুল হক জানান, তখন রুহুল আমীনের পরিচয় জানা ছিল না পুলিশের। তাঁর পকেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের টিকিট ছিল। ওই টিকিটে লেখা একটি মুঠোফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। রোববার ভোরে পুলিশ জেএমবির জেলা পর্যায়ের নেতা নাচোলের চানপাড়া গ্রামের পল্লি চিকিৎসক সানোয়ার হোসেন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার বালু গ্রামের মো. জাহাঙ্গীরকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া নিহত রুহুল আমীনের স্ত্রী ও সানোয়ারের বোন সাইমা আমীন এবং সানোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জাহাঙ্গীর ও সানোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী রুহুল আমীনের বিচ্ছিন্ন মাথা গোমস্তাপুরের মহানন্দা নদীর তীরের চানপুর ঘাটে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়।