নাচোলে স্বামীর হাতে স্ত্রী খুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামারজগদইল এলাকায় গতকাল বুধবার এমালী বেগম (৩৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাজশাহীর পুঠিয়ায় আবদুল মতিন (১৮) নামের এক ছাত্রের ও জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত তরুণের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: কামারজগদইল এলাকায় বুধবার ভোর পাঁচটার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শরিফ উদ্দীন কোদাল দিয়ে তাঁর স্ত্রী এমালী বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলের তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর স্বামী শরিফ উদ্দীন পালিয়ে যান।
রাজশাহী: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকার দেয়ারের বিলের একটি পাটখেত থেকে আবদুল মতিনের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার জাইগিরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ও মতিন পুঠিয়া টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। গত শুক্রবার রাত আটটার দিকে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মতিন আর ফিরে আসেনি।
আক্কেলপুর (জয়পুরহাট): গতকাল বিকেলে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের কাছে গোবরপুর গ্রামের রেললাইনের পাশে একটি ঝুপরির ভেতর থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়।