নাচোলে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামারজগদইল এলাকায় গতকাল বুধবার এমালী বেগম (৩৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাজশাহীর পুঠিয়ায় আবদুল মতিন (১৮) নামের এক ছাত্রের ও জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত তরুণের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: কামারজগদইল এলাকায় বুধবার ভোর পাঁচটার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শরিফ উদ্দীন কোদাল দিয়ে তাঁর স্ত্রী এমালী বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলের তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর স্বামী শরিফ উদ্দীন পালিয়ে যান। রাজশাহী: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকার দেয়ারের বিলের একটি পাটখেত থেকে আবদুল মতিনের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার জাইগিরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ও মতিন পুঠিয়া টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। গত শুক্রবার রাত আটটার দিকে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মতিন আর ফিরে আসেনি। আক্কেলপুর (জয়পুরহাট): গতকাল বিকেলে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের কাছে গোবরপুর গ্রামের রেললাইনের পাশে একটি ঝুপরির ভেতর থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়।