নাচোলের দুটি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
‘এমন একটা পরিস্থিতি যদি আমাদের সময় হতো, তবে আমিসহ অনেক মেয়ে বাল্যবিবাহ থেকে মুক্তি পেতাম।’ ২০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলাইর ও মইমপুর গ্রামকে বাল্যবিবাহমুক্ত হিসেবে ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে এসে প্রথম আলোর কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মইমপুর গ্রামের মরিয়ম খাতুন। তিনি পাঁচ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে এ অনুষ্ঠানে এসেছিলেন।মরিয়ম জানান, বাবার বাড়িতে এসে তিনি এ অনুষ্ঠানে এসেছেন। ছয় বছর আগে অষ্টম শ্রেণীতে পড়ার সময় তাঁর বিয়ে হয়। বিয়ের এক বছর পর সন্তান হয়। এরপর অসুখ-বিসুখ তাঁকে ছাড়ছে না। এ দুই গ্রামের অনেক মেয়ের পরিণতি হয়েছে তাঁরই মতো। এক বছরে চারজন কিশোরীবধূ তালাকপ্রাপ্ত হয়ে বাবার ঘরে ফিরে এসেছেন।বাল্যবিবাহ নিরোধ অভিযান কর্মশালা জাতিসংঘের বিশ্ব জরুরি শিশু তহবিলের সহায়তায় বিজ্ঞান ও গণশিক্ষাকেন্দ্রের কিশোরী অভিযান প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম দুটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক ইমাম। এতে বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের, কসবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল হুদা, কলাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম, মহিলা ইউপি সদস্য সেনেখা বেগম, গোলাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজমুল ইসলাম, ইউপি সদস্য আয়েস উদ্দীন প্রমুখ।বিজ্ঞান ও গণশিক্ষাকেন্দ্রের এলাইপুর ইউনিটের কিশোরী অভিযান প্রকল্পের সংগঠক রবিউল ইসলাম জানান, গ্রাম দুটিতে ১০ বছর আগে দুটি কিশোরী অভিযান সমিতি গঠন করা হয়। এর মধ্যে একটি সমিতি গঠিত ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ২০ জন কিশোরী ও ১০ জন কিশোরকে নিয়ে। ১০ বছর ধরে তাদের সচেতনতামূলক নানা কার্যক্রমের ফলে গ্রাম দুটিকে বাল্যবিবাহমুক্ত করা সম্ভব হয়েছে।