নাছির, মনজুর অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের নাম ‘জনগণের মুখোমুখি মেয়র প্রার্থী’। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থীদের এক মঞ্চে এনে ভোটারদের মুখোমুখি করতেই এই আয়োজন। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন এবং বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম যোগ দেননি।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ১২ মেয়র পদপ্রার্থীর মধ্যে মাত্রজন পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন ইসলামী ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট-সমর্থিত এইচ এম মুজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, সৈয়দ সাজ্জাদ জোহা ও মো. আলাউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। প্রধান দুই দল-সমর্থিত মেয়র প্রার্থীরা অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তিনি আক্ষেপ করে বলেন, ‘যেসব প্রার্থী নির্বাচনের আগেই জনগণের মুখোমুখি হতে ভয় পান, তাঁরা মেয়র হলে পরিস্থিতি কী হবে তা এখনই বোঝা যায়।’
অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির পরিচালক উমা চৌধুরী বক্তব্য দেন। উপস্থিত ভোটারদের শপথ পাঠ করান সুজন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান। মেয়র প্রার্থীদের অঙ্গীকারনামা পাঠ করান সুভাষ বড়ুয়া।
দায়িত্বশীল, সৎ, যোগ্য ও জনকল্যাণে কাজ করবেন—এ রকম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত পাঁচ মেয়র প্রার্থী বক্তব্য দেন। তাঁরা সবাই জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এরপর তাঁদের উপস্থিতিতে ভোটাররা তিনটি করে প্রশ্ন করেন।
মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, সব মেয়র প্রার্থী থাকলে ভালো হতো। কিন্তু তাঁরা আসেননি। নগরের ৮০ শতাংশ নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য তিনি প্রথমে পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে জানান।
একজন ভোটারের প্রশ্নের জবাবে ওয়াইজ হোসেন ভূঁইয়া বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা তাঁর কাছে প্রশ্রয় পাবে না।
প্রার্থী এইচ এম মুজিবুল হক হলফনামায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে লিখেছেন ‘সাক্ষরজ্ঞানসম্পন্ন’। এটা দিয়ে কীভাবে করপোরেশন চালাবেন এক ভোটার জানতে চান। জবাবে তিনি বলেন, স্বল্প শিক্ষা দিয়ে প্রধানমন্ত্রিত্ব করা গেলে করপোরেশনও চালানো যাবে।
সাজ্জাদ জোহা জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বাড়িভাড়া নিয়ন্ত্রণে আইন করার চিন্তাভাবনা করবেন বলে এক প্রশ্নের জবাবে জানান।
টাকার বিনিময়ে দলীয় ভোট না দেওয়ার আহ্বান জানান মো. আলাউদ্দিন।