নাছির, মনজুরসহ তিন মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের তিন মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপি-সমর্থিত প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলম ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠকে গতকাল সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, কেন তাঁরা (তিন প্রার্থী) নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করছেন না, সেটি সাত কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনের তারিখের ২১ দিন আগে প্রার্থী কিংবা তাঁর পক্ষে কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারবেন না। অথচ তাঁদের তিনজনই সেটি লঙ্ঘন করেছেন। তিনি জানান, কারণ দর্শানোর নোটিশের জবাবে অভিযুক্ত ব্যক্তিরা কী বলছেন, সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, তিন মেয়র প্রার্থী ছাড়াও ১৭ কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আবদুল বাতেন বলেন, বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই বার্তাই দেওয়া হবে যে নিয়মের ব্যত্যয় ঘটলে পার পাওয়া যাবে না। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণা শুরু হয়ে যাবে। এখনই পরিবেশ নিয়ন্ত্রণে নিলে পরে পরিস্থিতির লাগাম টেনে ধরা সহজ হবে।
কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কি না, তা জানতে চাইলে গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে মনজুর আলম প্রথম আলোকে জানান, কারণ দর্শানোর চিঠি তাঁর হাতে পৌঁছায়নি। তিনি বলেন, ‘চিঠি হয়তো আমার বাসার ঠিকানায় পাঠানো হতে পারে।’
সোলায়মান আলম শেঠও সন্ধ্যা পর্যন্ত নোটিশ পাননি বলে উল্লেখ করেন।
মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টার পরও আ জ ম নাছিরের বক্তব্য জানা যায়নি।
গত শনিবার মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন নাছির উদ্দিন। রোববার নাছিরের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন মনজুর আলম। রোববার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধি অনুযায়ী, পাঁচজনের বেশি সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। মনজুর আলম ১১ জন ও নাছির ১২ জন নেতাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে গতকাল সকাল থেকে ১৪ জন সহকারী নির্বাচন কর্মকর্তা নগরের বিভিন্ন জায়গা সরেজমিন দেখেছেন। আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।