প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় মেয়র পদে আ জ ম নাছিরকে জয়ী করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। এ জন্য ১৪ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ। গতকাল শনিবার সকালে চট্টগ্রামে ১৪ দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এ সভা হয়।
সভায় মঈন উদ্দীন খান বাদল বলেন, জনগণ সবকিছু সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তাই তাদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখে প্রার্থীর পক্ষে ভোটারদের টানতে হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, নাছিরের বিজয় নিশ্চিত করতে ১৪ দলীয় নেতা-কর্মীদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ নাজির, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি আবু হানিফ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক তাজুল মল্লিক, সাম্যবাদী দলের আহ্বায়ক অমূল্য বড়ুয়া প্রমুখ।