নাছিরকে সমর্থন দিয়েছে ১৪ দল
আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করবে কেন্দ্রীয় ১৪ দল। গতকাল শুক্রবার চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা কমিটির সম্পাদক সাংসদ হাছান মাহমুদ, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ নজিবুল বশর মাইজ ভান্ডারী, সাবেক সাংসদ ও নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনসহ ১৪ দলের স্থানীয় নেতারা।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘ঢাকায় ১৪ দলের বৈঠকের পর চট্টগ্রামেও অনুরূপ বৈঠক করে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন এবং তাঁর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়। এ জন্য আমাকে এবং নজিবুল বশর মাইজ ভান্ডারীকে সমম্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা স্থানীয় ১৪ দলের সঙ্গে বৈঠক করে নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
হাছান মাহমুদ বলেন, গত পাঁচ বছরে চট্টগ্রামকে নোংরা শহরে পরিণত করা হয়েছে। অথচ মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলেছিলেন। ভবিষ্যতে চট্টগ্রাম নগর যেন গলাসমান পানিতে না ডোবে, নাকে রুমাল দিয়ে হাঁটতে না হয়—সেদিকে নজর দিতে হবে। এ জন্য নাছির উদ্দিনকে নির্বাচিত করতে হবে।
নজিবুল বশর মাইজ ভান্ডারী বলেন, সন্ত্রাস করে, পেট্রলবোমা মেরে ১৫০ জনকে মারা হয়েছে। আগামী সিটি নির্বাচনে পেট্রলবোমা ও হরতাল-অবরোধের বিরুদ্ধে আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ১৪ দল কাজ করবে।