নাছিরসহ চার বন্দী কাশিমপুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দুর্ধর্ষ শিবির ক্যাডার ৩৬ মামলার আসামি নাছির উদ্দিনসহ চার বন্দীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর আনা হয়। নাছির ছাড়া অন্য বন্দীরা হলেন আট ছাত্রলীগ নেতা হত্যা মামলার ফাঁসির আসামি আলমগীর ও আজম চৌধুরী এবং জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমা মিজান। কারাগারে নাশকতা সৃষ্টির পাঁয়তারাসহ নিরাপত্তাজনিত কারণে তাঁদের কাশিমপুর পাঠানো হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চার দুর্ধর্ষ বন্দী কারাগারে বসে নাশকতার চেষ্টা করছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাঁদের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কারা সূত্র জানায়, শিবির ক্যাডার নাছির, আজম চৌধুরী ও আলমগীর কারাগারে সাধারণ বন্দীদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। কারাগারে মাদক সেবন থেকে শুরু করে অনৈতিক সুবিধা আদায়ের জন্য চেষ্টা করতেন। সুবিধা না পেলে বিভিন্ন অজুহাতে বিশৃঙ্খলা করতেন। কারাগারের নিরাপত্তাজনিত কারণে চার বন্দীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
২০০০ সালে নগরে আট ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আজম ও আলমগীরকে ফাঁসির আদেশ দেন আদালত। ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাসহ দেশজুড়ে জেএমবিদের বোমা হামলার ঘটনায় বোমা তৈরির কারিগর ছিলেন বোমা মিজান।