নাছিরের উন্নত নগর উপহারের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে গতকাল গণসংযোগ করেন আ জ ম নাছির উদ্দিন l প্রথম আলো
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে গতকাল গণসংযোগ করেন আ জ ম নাছির উদ্দিন l প্রথম আলো

উন্নত নগর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। আর তা না পারলে দ্বিতীয়বার মানুষের দুয়ারে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগকালে নাছির এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে তিনি মেয়র প্রার্থী হয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুত অনুমোদন নিয়ে তিনি উন্নত নগর উপহার দেবেন চট্টগ্রামবাসীকে।
কখনো গাড়িতে চড়ে, কখনো হেঁটে, কখনো বা ভোটারদের বাড়ির উঠানে গিয়ে দোয়া ও ভোট চান নাছির।
সকাল নয়টায় দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাটের পশ্চিমে হজরত শাহ জালাল বোখারী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন নাছির উদ্দিন। সেখান থেকে নন্দীরহাটের মাহমুদাবাদ ও নন্দীরহাট বাজারে একটি কমিউনিটি সেন্টারে পথসভায় বক্তব্য দেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো উন্নয়ন হয়নি পাঁচ বছরে। তিন দিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে নগর। একবার সেবা করার সুযোগ চেয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত আধুনিক নগর হিসেবে গড়ে তুলব। যদি কাজ করতে না পারি, দ্বিতীয়বার মানুষের দুয়ারে আসব না।’
নাছিরের সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।