চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের নির্বাচন পরিচালনার জন্য ৫০১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে মহানগর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকালে নগর আওয়ামী লীগের দারুল ফজল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
দলীয় সূত্র জানায়, সভায় আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক একজন করে কাউন্সিলর প্রার্থী করানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসে একক প্রার্থী ঠিক করবেন। কারণ, একাধিক প্রার্থী থাকলে অন্য দলের প্রার্থীরা সুবিধা পাবেন।
নির্বাহী কমিটির বৈঠকে সাবেক সাংসদ ও নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়াকে চেয়ারম্যান এবং মহিউদ্দিন চৌধুরীকে সদস্যসচিব করে ৫০১ সদস্যের যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছিল, সেটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ২৭ জন সহসভাপতিকে ভাইস চেয়ারম্যান করা হয়। তাঁরা সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করবেন। গতকালে বৈঠকে প্রার্থী আ জ ম নাছির উদ্দিনসহ ৪৩ জন উপস্থিত ছিলেন। ৭১ সদস্যের কমিটির বাকি ২৮ জন অনুপস্থিত থাকায় তাঁদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রতিনিধি সভা: মেয়র প্রার্থীর সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে নগরের জামালখানের একটি কমিউনিটি সেন্টারে যৌথ প্রতিনিধি সভা করে। এতে সভাপতিত্ব করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় সাবেক সাংসদ ইসহাক মিয়া, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন স্তরের নেতা ও স্থানীয় সাংসদেরা বক্তৃতা করেন।