নাছিরের নির্বাচনী কৌশল ঠিক করার বৈঠকে মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী কৌশল ঠিক করতে গতকাল সোমবার নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার এ বৈঠক হয়।
বৈঠকে মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, সাবেক সাংসদ ও নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে গতকাল কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এর মধ্যে দুবার তিনি ফোনকল রিসিভ করেও কথা বলেননি। একবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বৈঠকে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, নির্বাচনে নেতা-কর্মীদের দায়িত্ব বণ্টন, নাগরিক কমিটি পূর্ণাঙ্গ করা, পোলিং এজেন্ট কারা হবে, তা ঠিক করতে পেনিনসুলায় বৈঠক হয়। তিনি বলেন, ‘বৈঠকে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তৃতা করেন। আমাদের প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিডিএর চেয়ারম্যান, একজন কেন্দ্রীয় নেতা ও দুজন সাংসদ তাঁদের মতামত তুলে ধরেন।’
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী নির্বাচন-পূর্ব সময়ে প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।