নাছিরের পক্ষে ঠিকাদারদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ নাছির উদ্দিনের পক্ষে সভা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারেরা। চট্টগ্রামের উন্নয়ন এবং নিজেদের স্বার্থে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পরিবর্তে আ জ ম নাছিরকে বিজয়ী করার পক্ষে মত দেন তাঁরা। গতকাল রোববার নগরের প্রিয়া কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদারবৃন্দ’ ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ অভিমত দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঠিকাদার আবদুর রহিম, আবু নাসের তালুকদার, ফজলুল হক, আবুল কালাম, হাসান মুরাদ, গোলাম রাব্বানি, মো. সালাউদ্দিন প্রমুখ।
সিটি করপোরেশনের ঠিকাদারেরা কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘সিটি করপোরেশনের ঠিকাদারদের বিশেষ কোনো প্রার্থীর পক্ষ নেওয়াটা আইনের দিক থেকে সেভাবে প্রশ্ন তোলা যাবে না। তবে করপোরেশনের মেয়রের সঙ্গে তাঁদের ব্যবসায়িক স্বার্থ জড়িত। মেয়রের সঙ্গে ঠিকাদারদের সম্পর্কের বিষয়টি ভোটারদের জানা থাকা উচিত।’