নাছিরের বিরুদ্ধে মামলা চালাতে চান না বাদী
দীর্ঘ ২২ বছর পর আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সচল হলেও বাদী মামলা চালাতে ইচ্ছুক নন।
গতকাল সোমবার আদালতে আসামি পক্ষের আইনজীবীদের জেরার মুখে বাদী সুফিয়ান সিদ্দিকী বলেছেন, ঘটনাস্থলে আসামিরা ছিলেন না। মামলার এজাহার তিনি লেখেননি, পড়েও দেখেননি। শুনানি শেষে বাদী সুফিয়ান সিদ্দিকী নাছিরের গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।
গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ১৯৯৩ সালে নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন ওই সময়কার চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকী। আ জ ম নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী। আরেক আসামি ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
আদালত প্রাঙ্গণে সুফিয়ান সিদ্দিকী বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে মামলাটি করেছিলাম। আসামিদের বিরুদ্ধে এখন কোনো অভিযোগ নেই। মামলা চালাতে আমি প্রস্তুত নই। নাছির ভাই আমার নেতা।’
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে গতকাল এই মামলার শুনানির দিন ধার্য ছিল। আদালতে আত্মসমর্পণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন নিজাম হাজারী ও কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদ হাসনীসহ সাতজন। হাজিরা দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন। অনুপস্থিত ১০ আসামির আইনজীবী সময়ের আবেদন করেন।
আদালত সূত্র জানায়, আসামিপক্ষের আইনজীবীরা মামলার বাদী ও সাক্ষী সুফিয়ান সিদ্দিকীকে জেরা করতে সময়ের আবেদন করেন। এ সময় বিচারক আইনজীবীদের জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। পরে বাদীকে জেরা করেন আইনজীবীরা। জেরার সময় মামলার এজাহার বাদী লিখেছেন কি না, ঘটনা সম্পর্কে জানেন কি না, এজাহারটি পড়েছেন কি না, আসামিরা ঘটনাস্থলে ছিলেন কি না—জানতে চান আসামিপক্ষের আইনজীবীরা। উত্তরে বাদী সুফিয়ান সিদ্দিকী জানান, তিনি এজাহারটি লেখেননি ও পড়েননি। ঘটনাস্থলে আসামিরা ছিলেন না।
আইনজীবীরা জানান, চট্টগ্রাম আদালত ভবনের চতুর্থ তলায় জেলা ও দায়রা জজ আদালতে গতকাল বেলা ১১টায় মামলার শুনানি শুরু হয়। বৃষ্টির কারণে আ জ ম নাছির হাজির হতে দেরি হওয়ায় তাঁর আইনজীবী সময়ের প্রার্থনা করেন। ১৫ মিনিট শুনানি শেষে বিচারক এজলাস থেকে নেমে যান। ১১টা ২০ মিনিটে নাছির আদালতে হাজির হন। সাড়ে ১১টায় আবার মামলার শুনানি শুরু হয়।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।