নাছিরের সমর্থনে শ্রমিকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে আগামী সিটি নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল বুধবার বিকেলে নগরের মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শ্রমিকদের সভায় এ আহ্বান জানানো হয়। সভায় আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
শ্রমিক লীগের নেতা সফর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহম্মদ প্রমুখ।
মোছলেমউদ্দিন আহম্মদ বলেন, ‘আগামী নির্বাচনে নাছির উদ্দিনকে মেয়র নির্বাচিত করতে হবে। আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচারণা শুরু হবে ৭ এপ্রিল। যাঁরা নাছিরকে নির্বাচিত করতে চান, তাঁদের নির্বাচনী কৌশল সম্পর্কে অবগত হতে হবে। আপনি যে কেন্দ্রের ভোটার, সেই কেন্দ্রের নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে নাছিরের পক্ষে কাজ করতে হবে।’
সফর আলী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন না হয়, সেভাবে কথা বলতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আমাদের প্রার্থীকে শোকজ করেছে। আমরা জবাবও দিয়েছি।’
আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার চেষ্টায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।