নাছিরের 'হাতি' মনজুরের 'কমলালেবু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম ‘কমলালেবু’ এবং আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন ‘হাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রতীক বরাদ্দ করেন।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে ‘হাতি’ প্রতীক দাবি করেছিলেন চার প্রার্থী। তাঁদের মধ্যে বিএনএফের আরিফ মঈনুদ্দিন ও গাজী মো. আলাউদ্দিন দাবি প্রত্যাহার করলেও অনড় থাকেন আ জ ম নাছির ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। পরে দুজনের মধ্যে লটারি হয়। লটারিতে বিজয়ী হন আ জ ম নাছির উদ্দিন।
প্রতীক বরাদ্দের পর আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মা বলেছেন “হাতি” প্রতীক নিতে।’
‘কমলালেবু’ প্রতীক দাবি করেছিলেন মোহাম্মদ মনজুর আলম এবং অপর প্রার্থী আবুল কালাম আজাদ। পরে গতকাল আবুল কালাম আজাদ সমঝোতার ভিত্তিতে তাঁর দাবি ছেড়ে দেন। প্রতীক বরাদ্দের সময় মনজুর আলম উপস্থিত ছিলেন না। সেখানে উপস্থিত তাঁর ছেলে সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা কমলালেবু প্রতীক পেয়েছি।’
নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল সকালে প্রথমে ১২ জন মেয়র পদপ্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়। এরপর সংরক্ষিত ওয়ার্ডের ৬২ জন নারী ও সাধারণ ওয়ার্ডের ২১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ ‘ডিশ অ্যান্টেনা’, বিএনএফের আরিফ মঈনুদ্দীন ‘বাস’, ইসলামিক ফ্রন্টের মজিবুল হক ‘ময়ূর’, ইসলামি ফ্রন্টের মহাসচিব এম এ মতিন ‘চড়কা’, ইসলামী আন্দোলনের ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া ‘টেবিল ঘড়ি’, জেএসডির শফিউল আলম ‘ইলিশ মাছ’, গাজী মো. আলাউদ্দিন ‘টেলিস্কোপ’, সৈয়দ সাজ্জাদ জোহা ‘ক্রিকেট ব্যাট’, সাইফুদ্দিন আহমেদ ‘ফ্লাক্স’, আবুল কালাম আজাদ ‘দেশলাই’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ দেন। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, ‘তিনি (প্রার্থী) যে-ই হোন না কেন, যত বড় ক্ষমতাবানই হোন না কেন, আচরণবিধি মেনে চলতে হবে। যদি আচরণবিধি বা নির্বাচনী আইন কেউ লঙ্ঘন করেন, তাহলে আমরা কঠোর হব। আমি সাংবিধানিক দায়িত্ব পালন করতে বসেছি। কোনো অপশক্তির কাছে মাথা নত করব না।’
মো. আবদুল বাতেন বলেন, ভোটের জন্য ঘুষ দেওয়া, ভোটকেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই, ভোট গ্রহণ কর্মকর্তাদের মারধর করা, ভোটারদের বাধা দেওয়া, কাউকে ভোটদানে নিরুৎসাহিত করা নির্বাচনী আইনে গুরুতর অপরাধ। নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী এ ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি হচ্ছে দুই বছর, সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড। এ শাস্তি অজামিনযোগ্য।