নাজনীন এখনো বিপদমুক্ত নন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাংবাদিক নাজনীন আখতার এখনো বিপদমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। ১৭ সেপ্টেম্বর ঢাকা শিশু হাসপাতালে ছয় বছরের মেয়ে চন্দ্রমুখীর মৃত্যুর পর কল্যাণপুরের পাঁচতলা বাসার বারান্দা থেকে লাফ দিয়েছিলেন মা নাজনীন। নাজনীন দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবেদনবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, নাজনীন এখনো বিপদমুক্ত নন। তাঁর সারা শরীরে অসংখ্য আঘাত। মেরুদণ্ডের চার জায়গায়, পায়ের ওপরের দিকে এবং কবজিতে চিড় হয়েছে। তাঁর বাঁ দিকের ফুসফুসে আঘাত লেগেছে। ফুসফুসে একটা টিউব লাগানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, নাজনীন তাঁদের জানিয়েছেন, তাঁর সারা শরীরে অসহ্য ব্যথা, রাতভর ঘুম আসে না। তাঁরা বলেন, নাজনীনের মনের ক্ষত পৃথিবীর কোনো চিকিৎসায় সারিয়ে তোলা যাবে না। সে ক্ষত বড় গভীর। তিনি চিকিৎসকদের বলেছেন, ‘আমি তো চন্দ্রকে বলেছি, আমি ওর কাছে চলে যাব। আপনারা কেন আমার চিকিৎসা করছেন?’
চিকিৎসকেরা জানান, অবস্থা উন্নতির দিকে গেলে নাজনীনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।