নাজমুলের পাশে অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা পক্ষাঘাতগ্রস্ত। তবুও তো দেশে ফিরেছেন। সন্তানেরা তাতেই খুশি। ওমান থেকে দেশে ফেরার পর নাজমুল হককে জড়িয়ে ধরে আছে তাঁর দুই ছেলে। গতকাল বিমানবন্দর থেকে তোলা l ছবি: প্রথম আলো
বাবা পক্ষাঘাতগ্রস্ত। তবুও তো দেশে ফিরেছেন। সন্তানেরা তাতেই খুশি। ওমান থেকে দেশে ফেরার পর নাজমুল হককে জড়িয়ে ধরে আছে তাঁর দুই ছেলে। গতকাল বিমানবন্দর থেকে তোলা l ছবি: প্রথম আলো

প্রবাসীদের ভালোবাসায় বেঁচে ওঠা নাজমুল হকের পাশে থাকতে চান অনেকেই। কেউ তাঁকে এককালীন অর্থসহায়তা দিতে চান, কেউ আবার প্রতি মাসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।‘নাজমুলের নতুন জীবন’ শিরোনামে আজ মঙ্গলবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর অনেকেই প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আবু ইউসুফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই আমরা বাংলাদেশে দাতব্য কাজ করছি। নাজমুল ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করেছেন, সেটি আমাকে মুগ্ধ করেছে। আমি প্রতি মাসে এই পরিবারটিকে টাকা দিয়ে সাহায্য করতে চাই, যত দিন না তিনি পুরোপুরি সুস্থ হন।’
কুমিল্লার সাবেক শিক্ষক, সংগীতানুরাগী এবং ব্যবসায়ী কামরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নাজমুলের ঘটনা আমাকে মর্মাহত করেছে। আমি এই পরিবারটির সঙ্গে কথা বলেছি। আমি তাঁদের সাধ্যমতো সাহায্য করতে চাই।’ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীও নাজমুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন পরিবারটির পাশে থাকতে চান।
নাজমুলের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন তিন সন্তান আর অসুস্থ স্বামী নিয়ে সংগ্রাম করার সাহস পাচ্ছি। আপনারা দোয়া করবেন, যেন আমি আমার স্বামীকে চিকিত্সা করিয়ে সুস্থ করতে পারি।’

প্রসঙ্গত, ভাগ্য বদলাতে ঢাকার চা-দোকানদার নাজমুল হক গিয়েছিলেন ওমানে। কিন্তু সেখানে কোনো কাজ পাননি। এর মধ্যেই ৪৭ বছর বয়সী মানুষটি একদিন হুট করে মস্তিষ্কের রক্তক্ষরণে (ব্রেন স্ট্রোক) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান। সহায়-সম্বলহীন নাজমুলকে হাসপাতালে নিয়ে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে তোলেন প্রবাসীরা। নাজমুল গতকাল সোমবার ঢাকায় পরিবারের কাছে ফিরেছেন। তবে শরীরের ডান পাশ এখনো পক্ষাঘাতগ্রস্ত হয়ে আছে।