নাজিপুরে পুতুল নাচের আড়ালে অশ্লীল নাচ, জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মেদারহাট মাঠে পুতুল নাচের আড়ালে অশ্লীল নাচ প্রদর্শন ও জুয়া খেলা চলছে। যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা এ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন মেদারহাট মাঠে প্যান্ডেল করে পুতুল নাচের পরিবর্তে অশ্লীল নাচ প্রদর্শন করা হচ্ছে৷ গত ১৯ মে থেকে এ প্রদর্শনী চলছে৷ তবে বৃষ্টির কারণে কয়েক দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার রাত থেকে আবার শুরু হয়েছে। বিশাল প্যান্ডেলের বাইরে সন্ধ্যার পর জুয়ার আসর বসে। চলে সারা রাত। রাত ১০টার দিকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে অশ্লীল নাচ। কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কবির হোসেনের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা অশ্লীল নাচ ও জুয়া খেলার আয়োজন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কবির হোসেন দাবি করেন, জুয়ার কোনো আসর বসে না। বেশির ভাগ সময়ই পুতুল নাচ প্রদর্শন করা হয়৷ তবে মাঝেমধ্যে অশ্লীল নাচও প্রদর্শন করা হয় ।
কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ বাহাদুর বলেন, ‘পুতুল নাচের আসরে কোনো পুতুল নেই। পুতুল নাচের আড়ালে চলে অশ্লীল নাচ ও জুয়ার আসর। এর সঙ্গে সরকারদলীয় লোকজন জড়িত থাকায় প্রশাসন নীরব রয়েছে। আমি গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি তুলেছি। তবে প্রশাসন বিষয়টি এড়িয়ে গেছে।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার বলেন, ‘আমরা পুতুল নাচ বন্ধ করার জন্য আয়োজকদের বলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে বলেন, গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির সভায় পুতুল নাচ বন্ধ করার জন্য আলোচনা হয়েছে। এটা বন্ধ করে দেওয়ার জন্য আয়োজকদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।