নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামি তিন দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁর নাম মেহেদি হাসান অমি ওরফে রাফী। পুলিশের দাবি, মেহেদি হাসান আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। রাজধানীর বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা গত ১৯ এপ্রিল সিলেট থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজাহান নাজিম উদ্দীন হত্যা মামলায় মেহেদি হাসানকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম রায়হালুন ইসলাম তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে আবেদনে বলা হয়েছে, আসামি মেহেদি হাসানের বাড়ি সিলেটের আম্বরখানা এলাকায়। নিহত নাজিম উদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে। সে সিলেট শহরের দরগার গেট আম্মারখানা এলাকার মেসে থেকে পড়াশোনা করত। ২০১০ সালের দিকে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। নাজিম উদ্দীন ফেসবুকে ধর্মবিরোধী লেখালেখি করতেন। ২০১০ সালে ব্লগার নিলয় নীল হত্যার পর সিলেটের আম্মার এলাকায় চা খাওয়ার সময় নাজিম উদ্দীনকে আক্রমণের জন্য কয়েকজন অনুসরণ করে। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে মেসে চলে যান। আসামি মেহেদি হাসান নাজিম উদ্দীনকে অনুসরণকারীদের অন্যতম। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাজিম উদ্দীন। পূর্বপরিকল্পনা আনুযায়ী এই আসামিসহ অন্যরা ওই হত্যাকাণ্ডে জড়িত বলে গভীরভাবে সন্দেহ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডে প্রয়োজন।