নাজিম উদ্দিনকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নাজিম উদ্দিন আহমেদকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাজিম উদ্দিনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। তফসিল অনুযায়ী আগামী ৬ জুলাই এ নির্বাচন হওয়ার কথা।আদালত সূত্র জানায়, ৫ জুন নাজিম উদ্দিন রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। তবে এক ব্যক্তির খেলাপি ঋণের জামিনদার থাকার কারণ দেখিয়ে ৯ জুন তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। বিভাগীয় কমিশনার ১৪ জুন তাঁর আবেদন খারিজ করে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এরপর ৯ ও ১৪ জুনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।