
হাতেকলমে শেখার কোনো বিকল্প নেই। বিশেষত কৃষিশিক্ষার ছাত্রছাত্রীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক জ্ঞান অর্জন করা জরুরি। সেই জরুরি কাজটি করছেন ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকেরা। আর এ কাজের অগ্রপথিক ওই ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক মো. নাজিম উদ্দিন।
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবাসিক ছাত্রদের নিয়ে চালু করা হয়েছে এ কর্মসূচি। ৬০ শতক পরিত্যক্ত জমি চাষযোগ্য করে তুলেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে ২৩ ধরনের সবজি চাষ করা হয়েছে। কয়েকটি দলে ভাগ হয়ে ছেলেমেয়েরা কাজ করছেন ফসলের খেতে। পড়ালেখার পাশাপাশি শিখছেন হাতেকলমে কৃষিকাজ। আর তাঁদের উৎপাদিত সবজি নিজেদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছেন।
নাজিম উদ্দিনের এ কর্মসূচির নাম ‘শি-ক-খা’—শিখি-করি-খাই। তাঁদের এ কর্মসূচি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তা–ই নয়, এটাকে মডেল হিসেবে নিয়েছে কৃষি বিভাগ। ইতিমধ্যে দেশের সব কৃষি প্রশিক্ষণকেন্দ্রে এ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান বিশেষ চিঠির মাধ্যমে দেশের অন্য সরকারি ১৫টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচি চালুর নির্দেশনা দিয়েছেন।
হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঝিনাইদহ ইনস্টিটিউটের এ উদ্যোগ দেখে আমি মুগ্ধ। এটা একটা অনুকরণীয় কার্যক্রম। শুধু কৃষি ইনস্টিটিউটেই নয়, দেশের যেকোনো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানেই এ কর্মসূচি চালু করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত হবে। তাদের শরীর ও মনের উৎকর্ষ সাধন হবে। তারা সত্যিকারের আধুনিক মানুষ হয়ে উঠবে।’
এক নজরে ইনস্টিটিউট: ঝিনাইদহ শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি। ২০০৬ সালে এটির নির্মাণকাজ শুরু হয়। প্রশিক্ষণকেন্দ্রে রয়েছে ১০টি ক্লাসরুমের একটি তিনতলা ভবন, পাঁচটি ল্যাবরেটরি, একটি লাইব্রেরি, একটি সভাকক্ষ, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, অধ্যক্ষের বাসভবন, গুদামঘরসহ বেশ কিছু ভবন। প্রাচীরঘেরা এই প্রতিষ্ঠানটির মাঝে রয়েছে বিশাল মাঠ। যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করেন।
২০১৩ সালের ২৮ অক্টোবর ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত তিনটি সেমিস্টারে মোট ২৭২ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন, যাঁরা এখানে কৃষি ডিপ্লোমা কোর্স শেষ করবেন। দেশের সরকারি-বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরাই ভবিষ্যতে হবেন উপসহকারী কৃষি কর্মকর্তা।
চাষ কার্যক্রম: ইনস্টিটিউটের একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষক নাজিম উদ্দিনের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০১৩ সালের নভেম্বর থেকে শুরু হয় তাঁদের কৃষিকাজ। প্রথমে মাত্র ৩৬ জন শিক্ষার্থী এ কার্যক্রম শুরু করেন। নাজিম উদ্দিন শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম কোনায় জঙ্গল হয়ে থাকা ৩০ শতক জমি পরিষ্কার করিয়ে চাষযোগ্য করে তোলেন। তৈরি করেন ১৮টি চাষের বেড। দুজন করে বিভক্ত হয়ে ১৮টি বেডে ৩৬ জন কঠোর পরিশ্রম করেন। প্রথম বছর যে সবজি হয়েছিল, তা নিজেরা হোস্টেলে রান্না করে খেয়েছেন।
২০১৪ সালের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি ছিল প্রকল্পভুক্ত। ২০১৪ সালের অক্টোবরে রাজস্ব খাতভুক্ত হয়। এ সময় যোগদান করেন অধ্যক্ষ হানিফ মোহাম্মদ, মুখ্য প্রশিক্ষক মাহফুজ হোসেন মিরদাহসহ অন্যরা। মুখ্য প্রশিক্ষক এ কর্মসূচি দেখে খুশি হন। আগে এ কর্মসূচির কোনো নাম ছিল না। তিনিই নামকরণ করেন।
মাহফুজ হোসেন মিরদাহ জানান, বর্তমানে ৩৫টি বেডে সবজিসহ নানা ফসলের চাষ রয়েছে। ২৭টি দলে বিভক্ত হয়ে ছেলেমেয়েরা চাষ করছেন। এসব সবজির জন্য জমি তৈরি, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, পানিব্যবস্থাপনা, রোগ ও পোকা দমনসহ ফসল তোলার পর বাজারজাতকরণ পর্যন্ত শিক্ষার্থীরাই করেন। এতে তাঁদের পূর্ণাঙ্গ শিক্ষালাভ হচ্ছে। শিখি-করি-খাই কার্যক্রমে উৎপাদিত স্বাস্থ্যঝুঁকিবিহীন শাকসবজি হোস্টেলের খাদ্যতালিকায় যোগ করে তাঁরা নিজেদের পুষ্টি চাহিদাও পূরণ করছেন। আর বাজারজাতকরণের মাধ্যমে প্রাপ্ত অর্থ চাষের কাজে খরচের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা সফর, খেলাধুলা ইত্যাদি কাজে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের কথা: তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি জানান, এসএসসি পাসের পর এখানে ভর্তি হয়েছেন। চার বছরের কোর্স শেষে এখান থেকে বেরিয়ে কৃষি বিভাগের চাকরির চেষ্টা করবেন। চাকরি না পেলে হাতে-কলমে যে শিক্ষা নিলেন, তা কাজে লাগাবেন। আরেক শিক্ষার্থী মিরা বিশ্বাস জানান, তাঁর বাবা একজন কৃষক। নারী হলেও তাঁর আগ্রহ কৃষির দিকে। পড়ালেখার পাশাপাশি এখন মাঠের কাজে নিজেকে জড়িত করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান মিরা। তিনি বলেন, নাজিম স্যার তাঁদের যে শিক্ষা দিয়েছেন, এরপর চাকরি না পেলেও কৃষিকাজে নিজেকে জড়িয়ে ভালো কিছু করতে পারবেন।
শিক্ষকেরা বললেন: এ কর্মসূচির উদ্যোক্তা নাজিম উদ্দিন জানান, সাধারণত দেশের অন্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কৃষি নিয়ে হাতে-কলমে কিছু দেখানোর প্রয়োজন হলে বাইরে নিয়ে যাওয়া হয়। সেটা খুবই কম সময়ের জন্য। দু-এক দিন পোকা দমন, চাষের পদ্ধতি দেখানো হয়। কিন্তু সারা বছরই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সরেজমিনে কাজ করতে পারলে আরও বেশি শিখতে পারবেন এ চিন্তা থেকেই তাঁর এ কর্মসূচি।
নাজিম উদ্দিন জানান, খেতে চাষই নয়, ইনস্টিটিউটের একমাত্র পুকুরটিকে শিক্ষার্থীরা মাছ চাষের উপযোগী করে তুলেছেন। সেখানে তাঁরা নানা ধরনের মাছের চাষ করছেন। এ ছাড়াও শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস পরিচ্ছন্নতা, উন্নয়ন, বৃক্ষরোপণসহ নানা কাজেও ভূমিকা রাখছেন। তাঁরা ক্যাম্পাস ঘিরে ১০০ আমগাছ, ৭০টি পেয়ারাগাছ, ১৫টি শজনেগাছ ও ৫০০ মানকচু লাগিয়েছেন। এলাকায় বৃক্ষরোপণ, সবুজায়ন, সামাজিক বনায়ন ইত্যাদি সেবামূলক কার্যক্রম তাঁরা পরিচালনা করছেন। এ ছাড়া ভবিষ্যতে শিখি-করি-খাই কার্যক্রমে পাখি ও মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, মাশরুম চাষ, নার্সারি স্থাপন, কেঁচো কম্পোস্ট ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিখি-করি-খাই কার্যক্রমের কো-অর্ডিনেটর মাহফুজ হোসেন মিরদাহ জানান, এ কার্যক্রমের মাধ্যমে ঝিনাইদহের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কৃষি ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠছেন। অধ্যক্ষকে প্রধান পৃষ্ঠপোষক করে প্রশিক্ষকদের সমন্বয়ে ‘শিখি-করি-খাই’ কর্মসূচি পরিচালনার জন্য একটি পরিষদ গঠন করা হয়েছে। পরিষদ সব কার্যক্রম পরিচালনার নীতিগত ও অর্থনৈতিক অনুমোদন দিয়ে থাকে। তিনি বলেন, ঝিনাইদহের শিখি-করি-খাই কৃষি বিভাগের কাছে একটি মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। এটা ভাবতেই ভালো লাগছে।