জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছে, একিউআইএসের কাছ থেকে তারা এ সংক্রান্ত একটি বার্তা পেয়েছেন।
গত বুধবার রাত পৌনে আটটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুরে নাজিম উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর দুদিন পর নাজিম উদ্দিনকে হত্যার দায় স্বীকার করার খবর পাওয়া গেল।
রয়টার্স ওই বার্তার সত্যতা যাচাই করতে পারেনি। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, এটা যাচাই করার জন্য একিউআইএস ডিজিটাল স্বাক্ষরের একটি লিংক প্রদান করেছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বক্তব্য হলো, তাদের কাছে পাঠানো একিউআইএসের ওই বার্তাটি বাংলা ও ইংরেজিতে লেখা ছিল।
গত মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন। এর ২৪ ঘণ্টা না পেরোতেই খুন হলেন তিনি। গত বুধবার রাত পৌনে আটটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুরে নাজিম উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজিম উদ্দিন গণজাগরণ মঞ্চের শুরু থেকে সিলেটে একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ দাফন করা হয়েছে।
নাজিম হত্যার ঘটনায় ঢাকার সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কাল শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ছয়জন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক ও প্রকাশককে হত্যা করা হলো। এঁদের সবাইকে একই কায়দায় কোপানো হয়েছে।
আরও পড়ুন
একই কায়দায় এবার ছাত্র খুন