নাজিমউদ্দিন কলেজে ভাঙচুর ক্লাস বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষ হয়েছে। এই ঘটনার জের ধরে কলেজে কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আগামী তিন দিন ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ছাত্র সংসদের সহসভাপতি শাহাদতুল্লাহ সরদার এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন রুবেল খান। গতকাল শনিবার দুপুরে অধ্যক্ষের কক্ষে কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সভা চলাকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাদতুল্লাহর পক্ষের ছাত্ররা কলেজের হিসাব শাখায় ঢুকে শৌচাগারে আশ্রয় নেয়। এ ঘটনায় রুবেল খানের পক্ষের লোকজন কলেজের দরজা, জানালা, অধ্যক্ষের কক্ষ এবং হিসাব শাখার শৌচাগার ভাঙচুর করে।পরে মাদারীপুর সদর থানার পুলিশ ও এএসপি (সার্কেল) বিভূতি ভূষণ ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর কলেজের শিক্ষকেরা অধ্যক্ষের কক্ষে জরুরি সভায় আগামী তিন দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রুবেল খান বলেন, ‘ভাড়া নিয়ে বাসের শ্রমিকেরা ছাত্রদের মারধর করেন। এ ঘটনায় কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কাছে শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কলেজ সংসদের সহসভাপতি শাহাদাতুল্লাহ অধ্যক্ষ ম্যাডামের সঙ্গে বেয়াদবি করলে সাধারণ ছাত্ররা তাঁর ওপর চড়াও হয়।’শাহাদাতুল্লাহ সরদার বলেন, ‘কলেজে সংসদের আলোচনা সভায় বহিরাগত সুজন মোল্লার নেতৃত্বে অন্যরা আমাদের ওপর হামলা চালায়। নিজেকে রক্ষার জন্য শৌচাগারে আশ্রয় নিয়েছিলাম। সন্ত্রাসীরা সেখানেও হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে।’