নাজিমউদ্দিন হত্যা : রশিদুন তিন দিনের রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার রশিদুন নবী ভূঁইয়াকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আজ সোমবার রশিদুন নবীকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক তাজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য এবং আরও যারা জড়িত আছে, তাদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুন জানিয়েছেন, তিনিসহ দুজন নাজিমউদ্দিনকে কুপিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রশিদুনকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট ও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রশিদুন একাধিক নামে পরিচিত। নামগুলোর মধ্যে আছে টিপু, রাসেল, রফিক ও রায়হান। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট।
মনিরুল ইসলামের ভাষ্য, আনসার আল ইসলামের সক্রিয় সদস্য রশিদুন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুন বলেছেন, নাজিমউদ্দিনকে হত্যায় পাঁচজন অংশ নেন। তাঁদের সবার কাছে চাপাতি ছিল। একজনের কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। তিনিসহ দুজন চাপাতি দিয়ে নাজিমউদ্দিনকে কোপান।
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন একরামপুর মোড়ে ঋষিকেশ দাশ রোডে নাজিমউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।
আরও পড়ুন :
রশিদুনসহ দুজন নাজিমউদ্দিনকে ‘কোপান’