নাজিমুদ্দীনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মো. নাজিমুদ্দীন খাত্তাবকে গতকাল রোববার জেরা শেষ করেছে আসামিপক্ষ। ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নাজিমুদ্দীনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জেরায় মিজানুল ইসলাম মত (সাজেশন) দেন, রাজনৈতিক নেতাদের অনুরোধে এবং অর্থ পাওয়ার আশায় এই সাক্ষী আসামির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। জবাবে নাজিমুদ্দীন বলেন, এটা সত্য নয়। এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ১৯৭০ সালের নির্বাচনী প্রচারে তিনি প্রথম নিজামীকে দেখেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযোদ্ধাদের খাবার, পানি প্রভৃতি সরবরাহ করতেন, তবে আলবদর বা রাজাকারদের বিষয়ে কোনো তথ্য জানাতেন না।নাজিমুদ্দীন গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন, একাত্তরের ২৮ এপ্রিল নিজামীর নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা তাঁর মামা হাবিবুর রহমান সরদারসহ দুই মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে।নাজিমুদ্দীনকে জেরা শেষ হলে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের আগে সাক্ষীদের পরীক্ষা করার জন্য আবারও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন। পঞ্চম সাক্ষীর দেওয়া সাক্ষ্য উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত কর্মকর্তাকে দেওয়া সাক্ষীর জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির মধ্যে অনেক অমিল রয়েছে। এ জন্য সাক্ষ্য দেওয়ার আগে সাক্ষীদের পরীক্ষা করা উচিত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন বলেন, পরবর্তী সাক্ষীরা সংক্ষিপ্ত আকারে জবানবন্দি দেবেন।এর আগেও ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলিকে সাক্ষ্য গ্রহণের আগে সাক্ষীদের পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন।